Sunday, January 25, 2026

সাভারের মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সড়কে আসলেই হাইওয়ে পুলিশ বাধা দেয়। পুলিশ রিকশা ধরলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করে। মূলত সরকারি ফি ২ হাজার ৫০০ টাকা কিন্তু চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে এবং কোনো রশিদও দেয় না পুলিশ। এছাড়াও পুলিশ রিকশা চালকদের মারধর করে বলেও অভিযোগ তুলেন আন্দোলনকারীরা। অবিলম্বে পুলিশের এই হয়রানি বন্ধের দাবি জানান তারা। পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী বিক্ষোভকারীদের বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান। তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে সাভার হাইওয়ে পুলিশের ওসি শেখ শাহজাহান বলেন, আটক করা রিকশাগুলো থেকে সড়ক আইনে ২ হাজার ৫০০ টাকাই নেওয়া হয় বাড়তি কোনো টাকা নেওয়া হয় না। মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, রিকশা চালকরা মহাসড়কে যেন চলতে পারে সে কারণে মিথ্যা অপবাদ দিয়ে বিক্ষোভ করেছে। মহাসড়কে উঠলে সড়ক আইন মোতাবেক তাদেরকে জরিমানা করা হবে।

SHARE

Author: verified_user