আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। এসময় জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাট দখল কারীদের কঠোর হস্তে দমন করা হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।